কলমিলতা মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত নেতৃবৃন্দের

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন   |   ঢাকা

কলমিলতা মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিজয় স্মরণী মোড়সংলগ্ন কলমিলতা কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, দাতা সংস্থা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এ আহ্বান জানান।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, অধ্যক্ষ আশরাফুল হক, তেজগাঁও থানার আমীর ও কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী এবং ফরিদ আহমেদ রুবেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে বাজারটিতে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের চেষ্টায় প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকান, দর্জি দোকানসহ বহু ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

পরিদর্শন শেষে সাইফুল আলম খান মিলন বলেন, দেশে প্রতিবছরই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক জানমালের ক্ষতি হলেও এর কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়ে গেছে। আধুনিক অগ্নিনির্বাপণ প্রযুক্তির অভাব এবং সমন্বিত ব্যবস্থাপনার দুর্বলতার কারণেও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।

অপরদিকে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নগর ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও কার্যকর সেবা নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মাধ্যমে নগর প্রশাসনের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ধৈর্য ধারণের পাশাপাশি পুনরায় ঘুরে দাঁড়াতে সাহস জোগান।

Advertisement
Advertisement
Advertisement