কুয়েটে জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ইগনিশন ২০২৬ শুরু

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন   |   ঢাকা

কুয়েটে জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ইগনিশন ২০২৬ শুরু


খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন ২০২৬’ শুরু হয়েছে। “ইগনাইট ইয়োর পটেনশিয়াল” প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শুরু হওয়া এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এ সময় ফেস্টিভ্যালের কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, কো-কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী, বিভাগের শিক্ষকবৃন্দ ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজনের সমন্বয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আওরঙ্গ আলিফ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উদ্ভাবন ও দক্ষতা বিকাশের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন, দলগত দক্ষতা বৃদ্ধি এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়ক ভূমিকা রাখে।

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলমান এই ফেস্টিভ্যালে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এবারের আয়োজনে মোট ৬ লাখ টাকার প্রাইজপুল রাখা হয়েছে।

ফেস্টিভ্যালের প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে লাইন ফলোয়ার রোবট, সকার বট, বিজনেস কেস স্টাডি, অ্যাড-মেকিং, ক্যাড কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিট থিসিস, মেকানিক্স অলিম্পিয়াড, অটোমোবাইল অলিম্পিয়াড, কন্টেন্ট রাইটিং ও গেমিং কনটেস্ট।

আয়োজকদের আশা, ‘ইগনিশন ২০২৬’ দেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্য জ্ঞান বিনিময় ও সৃজনশীলতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটবে।

Advertisement
Advertisement
Advertisement