সংবাদ শিরোনাম

গাজীপুর–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. বাচ্চুর মনোনয়নপত্র জমা

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন   |   ঢাকা

গাজীপুর–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. বাচ্চুর মনোনয়নপত্র জমা

রতন প্রধান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার বিকেলে শ্রীপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি সবসময় নির্বাচনী আচরণবিধি ও আইন মেনে চলায় বিশ্বাসী। বিএনপি একমাত্র দল যারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সুষ্ঠু নির্বাচনের দাবিতে গত ১৮ বছর ধরে বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এ সময় চার হাজারের বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন এবং প্রায় সতেরশ নেতাকর্মী গুমের শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বিএনপি শতভাগ আইন মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। দেশের জনগণ তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমিন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী ও সদস্য সচিব আবুবকর সিদ্দিক, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার ও সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. রফিকুল ইসলাম, সিরাজউদ্দীন কাইয়্যাঁ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম, বিএনপি নেতা মাহফুল হাসান হান্নানসহ দলীয় নেতাকর্মীরা।