বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাদের মুগ্ধ করে! ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতির প্রশংসা
শাহনুর রুমেন | ব্রাজিল প্রতিনিধি
ব্রাজিল ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের কথা নতুন করে উঠে এসেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (CBF) সভাপতি Samir Xaud-এর বক্তব্যে। তিনি বলেছেন, বাংলাদেশের অসংখ্য ফুটবলপ্রেমীর আবেগ ও ভালোবাসা ব্রাজিলের মানুষকে গভীরভাবে স্পর্শ করে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা, আবেগ এবং ব্রাজিলের প্রতি তাদের অসাধারণ সমর্থন অনুভব করি। বিশ্বকাপ এলেই বাংলাদেশজুড়ে যে উৎসবের আমেজ তৈরি হয়, তা সত্যিই আমাদের মুগ্ধ করে।তিনি আরও বলেন, “বাংলাদেশ ভৌগোলিকভাবে অনেক দূরে হলেও ব্রাজিলের প্রতি সেখানকার মানুষের ভালোবাসা আমাদের কাছে খুবই বিশেষ। লাখো বাংলাদেশি সমর্থক ব্রাজিলকে নিজেদের দলের মতো সমর্থন করেন। তাদের এই আন্তরিকতা ও আবেগ আমাদের অনুপ্রাণিত করে।”
বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি, বাংলাদেশের সমর্থকেরা আগের মতোই ব্রাজিলের পাশে থাকবেন। তাদের ভালোবাসা ও সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।”
বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা বিশ্বজুড়েই পরিচিত। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় ব্রাজিলের পতাকা, জার্সি ও নানা আয়োজন। সেই ভালোবাসার স্বীকৃতি যখন সরাসরি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতির কণ্ঠে উঠে আসে, তখন তা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক বিশেষ গর্বের বিষয়।