সংবাদ শিরোনাম

মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্রাজিল; নেইমারকে ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন   |   খেলাধুলা

মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্রাজিল; নেইমারকে ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা

স্পোর্টস ডেক্স: 

আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরিচিত দল ব্রাজিল ও মিশর। বাংলাদেশ সময় রোববার (৭ জুন) ভোর ৪টায় অনুষ্ঠিতব্য এ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হবে মোহাম্মদ সালাহ নেতৃত্বাধীন মিশর।

তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে ব্রাজিল দলে থাকছেন না তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ডান পায়ের কাফ মাসলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলের টেকনিক্যাল স্টাফ।

ব্রাজিল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের পুনর্বাসন কার্যক্রম ইতিবাচকভাবে এগোচ্ছে। সপ্তাহ শেষে তার এমআরআই পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে আগামী সপ্তাহ থেকে তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

কোচ আনচেলত্তি আরও জানান, এ ম্যাচে জয়ের পাশাপাশি দলের অধিকাংশ ফুটবলারকে মাঠে নামিয়ে তাদের প্রস্তুতির মান যাচাই করাই প্রধান লক্ষ্য। সে কারণে স্কোয়াডের প্রায় সব সদস্যকে খেলার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নেইমারের অনুপস্থিতি সত্ত্বেও ব্রাজিল শিবিরে স্বস্তির বিষয় হলো, দলের অন্য সব খেলোয়াড় সুস্থ ও ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন। ফলে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে লাতিন আমেরিকার অন্যতম সফল এ ফুটবল শক্তি।

পরিসংখ্যান অনুযায়ী, মিশরের বিপক্ষে অতীতের সব ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। দুই দলের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত ছয়টি মোকাবিলায় প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। দীর্ঘ বিরতির পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি; সর্বশেষ ২০১১ সালে তাদের দেখা হয়েছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে।

ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটি বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দীর্ঘ ১৫ বছর পর ব্রাজিল ও মিশরের এই পুনর্মিলন বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতির পাশাপাশি দুই দলের সামর্থ্য যাচাইয়েরও গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement