শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষ (২০২৫-২৬) ও একাদশ শ্রেণির (২০২৬-২৭) শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় আদিনা ফজলুল হক সরকারি কলেজ মাঠে কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাহবুব আলমের সঞ্চালনায় এবং শাখা সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহেদী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. শহিদুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে ফুল ও সংগীত পরিবেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে পড়াশোনা, শিষ্টাচার, জীবনের লক্ষ্য নির্ধারণ, ক্যারিয়ার পরিকল্পনা ও ভাষাসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের মধ্যে ছাত্রশিবিরের লোগো সংবলিত উপহারসামগ্রী, বই ও খাবার বিতরণ করা হয়।
আয়োজনে নবীন শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের কয়েকজন জানান, কলেজে এর আগে এমন সুশৃঙ্খল আয়োজন তারা দেখেননি। নবীনদের বরণে এমন আয়োজন এবারই প্রথম বলেও মন্তব্য করেন উপস্থিত কয়েকজন।
অনুষ্ঠানে আদিনা কলেজ সাথী শাখার সভাপতি আসমাউল হুসনাসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ৫৫০ জন নবীন শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন----শতবর্ষী মায়ের জমি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে