চাঁপাইনবাবগঞ্জে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে মো. শাকিব আলী (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি নাটোরের লালপুর উপজেলার সাইপাড়া (আনদি) গ্রামের মৃত শুকচান আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস কমলা রং সদৃশ্য কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের গ্রীন সিটি পার্কের প্রধান ফটকের সামনে অভিযান চালায় ডিবির আরেকটি দল। এ সময় মো. তসলিম উদ্দিন (৫৫) ও মো. মাসুদ পারভেজ (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ১৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় অভিযান দুটি পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।