চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৪টি গরু জব্দ

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৪টি গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সোমবার (১৮ মে) রাতব্যাপী জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

৫৩ বিজিবি সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে মনোহরপুর বিওপি সদস্যরা ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেন। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।

এছাড়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাকা ইউনিয়নের নিশিপাড়া এলাকা থেকে ১টি, নারায়ণপুর ইউনিয়নের খলিফারচর এলাকা থেকে ৩টি, সোনাদিয়াচর এলাকা থেকে ৪টি, উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা থেকে ৪টি এবং সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা থেকে ২টি গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ভারতীয় মদ শিবগঞ্জ থানায় জমা এবং জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত ৩৩টি ভারতীয় গরু ও ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশু ও মাদক চোরাচালান রোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। দুর্গম সীমান্ত এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি জানান।

Advertisement
Advertisement
Advertisement