চাটমোহরে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন   |   রাজশাহী

চাটমোহরে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম, পাবনা প্রতিনিধি :

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনার চাটমোহরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এ আয়োজন করে জেলা তথ্য অফিস।

গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ যানবাহন সেবা, কৃষক কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও লক্ষ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে পাবনা জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম বলেন, সরকারের সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাছের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা।

প্রেস ব্রিফিংয়ে উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বও তুলে ধরা হয়।

Advertisement
Advertisement
Advertisement