নিজস্ব প্রতিবেদক | বগুড়া
বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী ও অপহরণ মামলার এজাহারভুক্ত আসামিসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
রোববার (১০ মে) সারিয়াকান্দি থানার পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ সুমন আলীর নেতৃত্বে পরিচালিত মাদক উদ্ধার টিম পৌর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মোঃ শাহা আলম (৩৫) কে আটক করে। তিনি হিন্দুকান্দি এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে একই দিনে উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ তারাজুল ইসলাম (৩৮) কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মৃত মোগলু প্রাংয়ের ছেলে।
পুলিশ জানায়, আটক দুজনকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মাদকসহ আটক শাহা আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে উভয় আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।