সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে শ্রমিক দলের নেতাসহ পাঁচজন আটক

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে শ্রমিক দলের নেতাসহ পাঁচজন আটক

 মোঃ জালালউদ্দীন রাজশাহী ব্যুরো 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে শ্রমিক দলের এক সাবেক নেতাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার মৃধাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, মৃধাপাড়া গ্রামের রঞ্জু আলীর ছেলে মো. আব্দুল আজিজ (২৮), একই গ্রামের খালেকের ছেলে মো. জিহাদ (২০), সবুর আলীর ছেলে মিন্টু আলী (৪২), রিপন হোসেন (৪৬) এবং সাহাপুর গ্রামের মো. সিদ্দীকের ছেলে শাকিল হোসেন (২৩)। আটক রিপন হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গল ক্যাভালরির একটি টহল দল মৃধাপাড়া এলাকার একটি বাড়িতে ঝটিকা অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা এবং সাইকেলের যন্ত্রাংশ দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক নাহিদ। অপরাধের গুরুত্ব বিবেচনায় মো. আব্দুল আজিজ ও মিন্টু আলীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. জিহাদ, শাকিল হোসেন ও রিপন হোসেনকে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: একরামুল হক নাহিদ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান হয়েছে।