চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত কর্মীকে বদলির নির্দেশ
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।ফরিদপুর, ৩০ আগস্ট:
ফরিদপুরের চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রিনা আক্তার নামে এক পরিবার পরিকল্পনা সহকারীকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নির্দেশ দেন তিনি।
রোববার (৩০ আগস্ট) হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় টিকাদান কেন্দ্র পরিদর্শন করে সাপের কামড় ও জলাতঙ্কের চিকিৎসায় প্রয়োজনীয় ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক সুবিধাসম্পন্ন ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, উন্নীতকরণের অংশ হিসেবে হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্যাথলজি সুবিধা এবং নারী ও শিশুদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করা হবে। পাশাপাশি দ্রুত একজন গাইনি চিকিৎসক পদায়নের কথাও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে চরভদ্রাসন হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরে তিনি ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা এবং হাসপাতালের সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।