দেশের আবহাওয়ার উন্নতি, আজ থেকেই তুলে নেওয়া হচ্ছে ভারী বর্ষণের সতর্কবার্তা
ঢাকা, ১১ জুলাই:
দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে। আজ শনিবার (১১ জুলাই) থেকেই ভারী বর্ষণের সতর্কবার্তা তুলে নেওয়া হচ্ছে। নতুন করে পাহাড় ধস বা জলোচ্ছ্বাসের কোনো আশঙ্কা নেই। আগামী এক থেকে দুই দিনের মধ্যে দেশের আবহাওয়া আরও স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকালে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।
তিনি জানান, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় বান্দরবানের লামায় ১০৬ মিলিমিটার এবং চট্টগ্রামে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আগের কয়েক দিনের তুলনায় অনেক কম। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও হ্রাস পাবে।
তবে আগামী তিন থেকে চার দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। অন্যদিকে, রাজধানী ঢাকায় মৌসুমি স্বাভাবিক হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে অতিভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উজান এলাকায় অতিভারী বৃষ্টিপাত না থাকায় দেশের প্রধান নদ-নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও কমে এসেছে।
এদিকে সমুদ্রবন্দরগুলোর জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত আজ সন্ধ্যা পর্যন্ত বহাল থাকতে পারে। এরপর পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলে সতর্কসংকেত প্রত্যাহার করা হতে পারে। তবে জানমালের নিরাপত্তার স্বার্থে সাগরে অবস্থানরত ছোট মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ সন্ধ্যা পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।