শিক্ষায় যুগান্তকারী সংস্কারের ঘোষণা: কারিকুলাম, শিক্ষক ও প্রযুক্তিতে বড় পরিবর্তন আসছে

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন   |   জাতীয়

শিক্ষায় যুগান্তকারী সংস্কারের ঘোষণা: কারিকুলাম, শিক্ষক ও প্রযুক্তিতে বড় পরিবর্তন আসছে

স্টাফ রিপোর্টার, ঢাকা | ১৬ জুন ২০২৬

দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো ও প্রযুক্তির সমন্বয়ে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে চারটি মৌলিক স্তম্ভের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভবিষ্যৎ কর্মবাজার উপযোগী প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে।

সোমবার রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন আয়োজিত ‘ক্যামব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেড লঞ্চ ইভেন্ট-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শিক্ষা খাতের জন্য দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হলো বিশ্বমানের নাগরিক তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষাকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করা।

তিনি বলেন, বর্তমানে দেশে বিভিন্ন ধারার ২৭টিরও বেশি শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। এসব ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করে সকল শিক্ষার্থীর জন্য একটি অভিন্ন ন্যূনতম মান নিশ্চিত করা প্রয়োজন। যাতে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, মাদ্রাসা কিংবা সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমানভাবে মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পায়।

শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, একজন দক্ষ শিক্ষকই একটি কার্যকর শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি। তাই দেশের শিক্ষকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ক্যামব্রিজের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিসহ বিভিন্ন আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement