দীর্ঘ বিরতির অবসান, ২৭ জুলাই থেকে আবার আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা-নারিতা

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন   |   জাতীয়

দীর্ঘ বিরতির অবসান, ২৭ জুলাই থেকে আবার আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা-নারিতা

ডেক্স নিউজ:

এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রীসেবা শুরু হবে।

সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং জনসম্পৃক্ততার সম্পর্ক দিন দিন বিস্তৃত হচ্ছে। এই বাস্তবতায় দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনঃস্থাপন বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়েছে।

তিনি আরও জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশ ও জাপানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দ্রুত ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পুনরায় চালুর নির্দেশনা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় আগামী ২৭ জুলাই থেকে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই আন্তর্জাতিক রুট।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরাসরি ফ্লাইট চালুর ফলে ব্যবসায়ী, শিক্ষার্থী, পর্যটক এবং প্রবাসীদের যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে। পাশাপাশি বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement
Advertisement
Advertisement