তারল্য চাপে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র তারল্য সংকট মোকাবিলায় বিশেষ সহায়তা হিসেবে আরও ২,৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ জুন) ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রোববার কেন্দ্রীয় ব্যাংক জানায়, ইসলামী ব্যাংকের চাহিদাকৃত ১০ হাজার কোটি টাকার বিপরীতে প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকা সরবরাহ করা হচ্ছে। চলতি মাসের শুরুতে আমানতকারীদের নগদ অর্থ উত্তোলনের বাড়তি চাপ সামাল দিতেই এই জরুরি সহায়তা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৯ জুনের মধ্যে মাত্র ৯ দিনে গ্রাহকরা প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন। ব্যাংকের অভ্যন্তরীণ হিসাবেও দেখা গেছে, ১ থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা উত্তোলন হওয়ায় কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের ওপর চাপ তৈরি হয়।
গত শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়ে প্রয়োজন হলে তারল্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিস্থিতির উন্নয়ন ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে আরও সহায়তার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে পরিস্থিতি পর্যালোচনায় রোববার বিকেলে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন গভর্নর। বৈঠকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
পরবর্তীতে রাতে ব্যাংকটির পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যানসহ বিদ্যমান সব পরিচালকের নিয়োগ বাতিল করে পর্ষদের সার্বিক দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে, ব্যাংকটির স্বার্থ, আমানতকারীদের সুরক্ষা এবং জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।