জাতিসংঘের মানবিক বিষয়ক বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন শামা ওবায়েদ
জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ECOSOC) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন শামা ওবায়েদ ইসলাম। আগামী মঙ্গলবার (১৬ জুন) ঢাকায় থেকে তার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ১৭ থেকে ১৯ জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সেগমেন্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল অংশ নেবে। তিন দিনের কর্মসূচি শেষে আগামী ২০ জুন তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
এবারের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে সভাপতিত্ব করবেন জাতিসংঘে হেক্টর গোমেজ। তিনি বর্তমানে সেগমেন্টটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এবারের অধিবেশনে চেয়ার হিসেবে নেতৃত্ব দেবেন।
জাতিসংঘের এ প্ল্যাটফর্মটি বৈশ্বিক মানবিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ, জরুরি সহায়তা কার্যক্রম এবং ত্রাণ ব্যবস্থাপনার সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর সদস্য রাষ্ট্র, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী এবং দাতা দেশগুলোর প্রতিনিধিরা এখানে অংশ নিয়ে মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ করণীয় নির্ধারণ করেন।
এ অধিবেশনে গৃহীত সুপারিশ ও প্রস্তাবনাগুলো আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণও বৈশ্বিক মানবিক ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।