২৪ ঘণ্টায় হাম শনাক্ত ১৩২, সন্দেহভাজন তিন রোগীর মৃত্যু

 প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন   |   জাতীয়

২৪ ঘণ্টায় হাম শনাক্ত ১৩২, সন্দেহভাজন তিন রোগীর মৃত্যু

ঢাকা, ১১ জুন:

দেশে হাম রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১৩২ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৬৮ হাজার ৫৬ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৪ হাজার ২৯৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগে মোট ৫৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে প্রাণ হারিয়েছেন ৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় জনস্বাস্থ্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement