রাজনীতি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন শেখ হাসিনা, বললেন—‘নেতাকর্মীদের রেখে বিশ্রামে যেতে পারি না’
ডেক্স নিউজ:
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতৃত্ব ছেড়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন স্পষ্টভাবে নাকচ করেছেন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের পাশে থাকা তার দায়িত্ব এবং তাদের এই অবস্থায় রেখে অবসরে যাওয়ার কোনো সুযোগ নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত সাক্ষাৎকারের প্রথম পর্বে রাজনীতি থেকে অবসরের প্রসঙ্গ উঠলে শেখ হাসিনা জানান, দেশের রাজনৈতিক বাস্তবতা এবং দলের বর্তমান পরিস্থিতি তাকে সক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য করছে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তার ছেলে সজীব ওয়াজেদ জয় এক বক্তব্যে বলেছিলেন, দীর্ঘদিন দেশের জন্য কাজ করার পর সাম্প্রতিক ঘটনাবলিতে হতাশ হয়ে শেখ হাসিনা রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়।
তবে সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি অবসরের চিন্তা করছেন না। তার ভাষায়, “গণতন্ত্র যখন সংকটের মুখে এবং দলের নেতাকর্মীরা নানা ধরনের চাপ ও নির্যাতনের শিকার, তখন আমি কীভাবে বিশ্রামে যাওয়ার কথা ভাবতে পারি?”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতৃত্বকে সুসংগঠিত ও প্রতিষ্ঠিত করার পরই অবসরের বিষয়ে ভাববেন। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের অগ্রগতির ধারাকে ধরে রাখতে সক্ষম নেতৃত্ব গড়ে তোলাই এখন তার প্রধান লক্ষ্য।
দলের ভবিষ্যৎ নেতৃত্ব কারা দেবেন—এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলীয় কাউন্সিল ও নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই আগামী নেতৃত্ব নির্বাচিত হবে।
সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ‘প্রাকৃতিক শুদ্ধিকরণ প্রক্রিয়ার’ মধ্য দিয়ে যাচ্ছে, যা দলকে ভবিষ্যতের জন্য আরও সুসংগঠিত করবে বলে তিনি মনে করেন।
দেশে ফেরার প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য এবং দেশ পুনর্গঠনের অঙ্গীকার নিয়েই তিনি একদিন দেশে ফিরবেন।
উল্লেখ্য, জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন রায় দিয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে ভারতের সঙ্গে যোগাযোগ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা ধারাবাহিকভাবে বলে আসছেন, শেখ হাসিনা দেশে ফিরে আবারও সক্রিয় রাজনৈতিক ভূমিকা পালন করবেন।