আগামীকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে --- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন   |   জাতীয়

আগামীকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে  --- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):

আগামীকাল গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রী এ তথ্য জানান। 

ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুকিঁ হ্রাসে জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ধরনের দুর্যোগের ওপর গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিসহ জনগনের দুর্ভোগ লাঘব করার আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। 

মন্ত্রী জানান, দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত সকল সংস্থার সংশ্লিষ্ট সদস্য ও স্বেচ্ছাসেবীদের বিশেষায়িত প্রশিক্ষণও এ ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালিত হবে। এটি দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

গাজীপুর সিটি কর্পোরেশনে ৮ দশমিক ২০ একর ভূমিতে একাডেমিক কাম প্রশাসনিক ভবন এবং আবাসিক প্রশিক্ষণের জন্য একটি ছয় তলা হোস্টেল ভবন নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে একাডেমিক ভবন ও হোস্টেলের ৩য় তলা পর্যন্ত নির্মাণ করা হবে।  

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও সচিব মোঃ সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


Advertisement
Advertisement
Advertisement