বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে সুইমিংপুলে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্র সাকিবের
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ডেমরায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে সুইমিংপুলে গোসল করতে নেমে পানিতে ডুবে সাকিব হোসেন (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুরে কোনাপাড়ার ‘শামছি স্পোর্টস গ্যালারি’তে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব কদমতলী এলাকার ধনিয়া কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তার পরিবারের দাবি, সাকিবের সাঁতার জানা ছিল না।
ঘটনার দিন সকালে ১৬ জন বন্ধু মিলে ৩ হাজার ২০০ টাকার বিনিময়ে কোনাপাড়ার শামছি স্পোর্টস গ্যালারির মাঠ ও সুইমিংপুল ভাড়া নেয়। শুরুতে তারা ফুটবল খেলায় মেতে ওঠে এবং খেলা শেষে সুইমিংপুলে গোসলে নামে। গোসলের এক পর্যায়ে সাকিব পানির নিচে তলিয়ে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে উপস্থিত বন্ধুরা ও স্পোর্টস গ্যালারির কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আরিফ হোসেন জানান, তাদের স্থায়ী নিবাস কদমতলী এলাকার ধনিয়া বড়বাড়ি। সকালে পরিবারের কাউকে কিছু না জানিয়েই বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল সাকিব। পরবর্তীতে বন্ধুদের মাধ্যমেই তিনি দুর্ঘটনার খবর পান। এদিকে, মৃত্যুর খবর পাওয়ার পর হাসপাতালে শোকের ছায়া নেমে আসে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত এবং কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে ডেমরা থানা পুলিশ। সুইমিংপুলে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা এবং প্রশিক্ষিত লাইফগার্ড ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।