মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ: বক্তব্য দেবেন তারেক রহমান
ডেক্স নিউজ:
রাজধানীর নয়াপল্টন এলাকায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বৃহৎ শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকায় মে দিবসের কোনো শ্রমিক সমাবেশে এটিই হবে তার প্রথম বক্তব্য।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
তিনি জানান, সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঢাকা ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। দলটির নেতারা মনে করছেন, এতে লাখো মানুষের সমাগম ঘটতে পারে।
নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের মে দিবস একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে পালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরির জাতীয় বেতন কাঠামো ঘোষণা না হওয়া, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হওয়া এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি—এসব বিষয় শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার ফলে কর্মসংস্থানের সুযোগ কমেছে। পাশাপাশি পাটসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশীয় শিল্পের পরিবর্তে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা বেড়েছে।
সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় একাধিক দাবি উত্থাপন করা হবে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে—অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা, নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলা এবং রেশনিং ব্যবস্থা চালু করা।
বিএনপি নেতারা আশা করছেন, এসব দাবি ঘিরে শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমাবেশটি একটি বড় রাজনৈতিক ও সামাজিক বার্তা দিতে সক্ষম হবে।