দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা, কালবৈশাখীর শঙ্কা জোরদার
ডেক্স নিউজ:
রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কবার্তা জানানো হয়। সংশ্লিষ্ট নদী অববাহিকায় বসবাসরত ও চলাচলরতদের সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, পূর্বে দেওয়া আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ এপ্রিল দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এ সময় ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে, যা এই পূর্বাভাসের বাস্তবতা আরও জোরালো করছে।