ন্যাটোর জ্বালানি পরিকল্পনায় যুদ্ধের প্রস্তুতি দেখছে উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক:
সামরিক জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের ন্যাটোর পরিকল্পনাকে ইউরোপে যুদ্ধের প্রস্তুতির অংশ বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক মন্তব্যে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে ন্যাটো আরও আক্রমণাত্মক সামরিক জোটে পরিণত হচ্ছে।
কেসিএনএর ভাষ্য অনুযায়ী, ন্যাটোর ‘ফুয়েল সাপ্লাই চেইন ক্যাপাবিলিটি প্রোগ্রাম প্ল্যান’-এর আওতায় পশ্চিম ইউরোপের প্রায় ১০ হাজার কিলোমিটার দীর্ঘ জ্বালানি সরবরাহ নেটওয়ার্ককে পূর্ব ও উত্তর ইউরোপের নতুন সদস্য দেশগুলোর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে এই প্রকল্প ইউরোপের বাইরেও সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির জন্য নেওয়া হয়েছে-এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি উত্তর কোরিয়া। অন্যদিকে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়ে আসছে ন্যাটো।
যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং ন্যাটো সদস্যসহ বিভিন্ন দেশের মধ্যে বাড়তে থাকা সামরিক সহযোগিতারও সমালোচনা করেছে পিয়ংইয়ং। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২৪ সালের জুনে দুই দেশ একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে, যাতে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার প্রতিশ্রুতি রয়েছে।
চলমান ইউক্রেন যুদ্ধের সময় ২০২৪ সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বড় ধরনের অনুপ্রবেশ ঠেকাতে উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার সেনা পাঠিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।