সৌদি যুবরাজ ও মার্কিন কমান্ডারের বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের আলোচনা

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

সৌদি যুবরাজ ও মার্কিন কমান্ডারের বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের উদ্যোগ নিয়ে কথা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে সংঘাত কমিয়ে পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাই ছিল আলোচনার অন্যতম বিষয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হয়। এর জবাবে ইরান অঞ্চলটির কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

একই সময়ে ইরান হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এর ফলে তেল ও গ্যাস পরিবহনসহ আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচলও বড় ধরনের বাধার মুখে পড়ে।

হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি নেতৃত্ব ও মার্কিন সামরিক কর্মকর্তার এই বৈঠক আঞ্চলিক নিরাপত্তা ও উত্তেজনা কমানোর প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement