পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের মিছিলে ফিলিস্তিনি গুলিবিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস এলাকার কয়েকটি ফিলিস্তিনি শহর ও গ্রাম ঘিরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি মিছিলকে কেন্দ্র করে শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ফিলিস্তিনি তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এবং ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, নাবলুসের আল-জুনাইদ এলাকায় ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের অভিযানের সময় এক তরুণের পেটে গুলি লাগে। আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত সপ্তাহে নাবলুসের কাছে তেল শহরে সংঘর্ষে নিহত দুই ইসরায়েলির স্মরণে শুক্রবার সকালে এই মিছিলের আয়োজন করেন বসতি স্থাপনকারীরা। ওই সংঘর্ষে চার ফিলিস্তিনিও নিহত হন।
এএফপির এক সাংবাদিকের বর্ণনা অনুযায়ী, প্রায় ১০০ থেকে ১৫০ জন বসতি স্থাপনকারী-যাদের মধ্যে নারী ও শিশুও ছিলেন-হাভাত গিলাদ বসতি এলাকা থেকে তেলের দিকে অগ্রসর হন। তাদের মধ্যে প্রায় ১০ জনের কাছে অস্ত্র ছিল। তারা মাঠ পেরিয়ে তেল, পাশের সারা শহর এবং নাবলুসের আল-জুনাইদ এলাকায় প্রবেশ করেন। পথে বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষ দেখা দিলে ইসরায়েলি সেনারা উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
সাংবাদিক জানান, বসতি স্থাপনকারীরা তেল এলাকায় অন্তত একটি ভবনে এবং আল-জুনাইদে চারটি ভবনে প্রবেশ করেন। পরে ফিলিস্তিনি তরুণদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে সেনারা টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, আল-জুনাইদ এলাকায় ফিলিস্তিনিরা ইসরায়েলি বেসামরিক লোকজনকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে এক ইসরায়েলি বেসামরিক ব্যক্তি সতর্কতামূলক গুলি ছোড়েন। সেনারা সেখানে উপস্থিত হয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, পরে একই এলাকায় সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়া হলে তারা সন্দেহভাজনকে আটকের প্রক্রিয়ার অংশ হিসেবে গুলি চালায়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, গুলি একজন ‘প্রধান উসকানিদাতাকে’ লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনের গতি আরও বেড়েছে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ হিসেবে বিবেচিত হলেও পূর্ব জেরুজালেম বাদে পশ্চিম তীরে বর্তমানে পাঁচ লাখের বেশি ইসরায়েলি বসবাস করছেন। একই এলাকায় প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির বসবাস।
গত সপ্তাহে তেল এলাকায় দুই ইসরায়েলির নিহত হওয়ার ঘটনার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই অঞ্চলে আরও নতুন বসতি স্থাপনের অনুমতি দেওয়ার ঘোষণা দেন।