ফিলিস্তিনি পতাকায় ম্যাসিভ অ্যাটাকের সিঙ্গাপুরে তদন্ত শুরু

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ফিলিস্তিনি পতাকায় ম্যাসিভ অ্যাটাকের সিঙ্গাপুরে তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটিশ ব্যান্ড ম্যাসিভ অ্যাটাকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিঙ্গাপুর পুলিশ। বুধবার দেশটিতে আয়োজিত কনসার্টে মঞ্চে ফিলিস্তিনি পতাকা তোলার অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, দ্য স্টার থিয়েটারে অনুষ্ঠিত কনসার্টের শেষ দিকে মঞ্চে থাকা দুজন ব্যক্তি একটি পতাকা তুলে ধরেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুজন মিলে পতাকাটি ধরে আছেন এবং দর্শকরা করতালি দিচ্ছেন।

বিবিসিকে সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) জানিয়েছে, কনসার্টের অনুমোদনের শর্ত ভঙ্গ হয়েছে কি না, তা তারা খতিয়ে দেখছে।

সিঙ্গাপুরে সরকারি অনুমতি ছাড়া প্রকাশ্যে বিদেশি পতাকা বা জাতীয় প্রতীক প্রদর্শন করা নিষিদ্ধ। এই আইন ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ৩৮৯ ডলার পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

রবার্ট ‘থ্রি-ডি’ ডেল নাজা ও গ্রান্ট ‘ড্যাডি জি’ মার্শালের নেতৃত্বে ম্যাসিভ অ্যাটাক ১৯৮৮ সালে যুক্তরাজ্যের ব্রিস্টলে গঠিত হয়। ১৯৯৯ সাল থেকে ব্যান্ডটি ইসরায়েলে কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্তে রয়েছে।

চলতি বছরের শুরুতে যুক্তরাজ্য সরকারের প্যালেস্টাইন অ্যাকশন নিষেধাজ্ঞার বিরুদ্ধে লন্ডনে হওয়া এক বিক্ষোভে অংশ নিয়ে ডেল নাজাসহ কয়েক শ মানুষ আটক হয়েছিলেন।

Advertisement
Advertisement
Advertisement