আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক:
আলজেরিয়ার উপকূলীয় শহর বুমেরদেসের কাছে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সিদ্দিক আইত মেসাউদেন জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রাজধানী আলজিয়ার্সের পূর্বে বুমেরদেস এলাকায় বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বাসটি কাত হয়ে পড়ে আছে। উদ্ধারকারীরা সতর্ক করেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া রিয়াদ ফেরকিউই জানান, সড়কের একটি ঝুঁকিপূর্ণ বাঁক দুর্ঘটনার কারণ হতে পারে বলে তিনি মনে করছেন। প্রত্যক্ষদর্শী বিলাল বেনসালেম জানান, উদ্ধারকারী দল আসার আগে তিনি খাদ থেকে কয়েকজন আহত মানুষকে তুলে আনতে সহায়তা করেন।
তিনি এএফপিকে বলেন, “আমি কিছু মানুষকে মৃত অবস্থায় পেয়েছি, আবার অনেকে তখনও বেঁচে ছিলেন। কয়েকজনের হাত কেটে গিয়েছিল, আরও নানা ধরনের গুরুতর আঘাত ছিল।”
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবুন। তিনি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে তদন্ত শেষ হলে দায়ীদের বিরুদ্ধে “কঠোর ব্যবস্থা” নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আলজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। গত বছরের আগস্টে রাজধানী আলজিয়ার্সের কাছে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হন। এর আগে ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চল বেচার এলাকায় বাস উল্টে ১৪ জনের মৃত্যু হয়।
দেশটির সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। ২০২৫ সালে আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।