হামাসকে সহায়তার অভিযোগে যুক্তরাজ্যে তুর্কি নাগরিক গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক:
হামাসকে অর্থ ও সরঞ্জাম সরবরাহে সহায়তার অভিযোগে তুরস্কের নাগরিক মোহাম্মদ ইউসুফ হাসনাকে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাকে আটক করা হয়।
ইস্তাম্বুলের বাসিন্দা ৪৫ বছর বয়সী হাসনার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি কথিত আন্তর্জাতিক মানবিক সংস্থার শীর্ষ পর্যায়ের দায়িত্বে থেকে হামাসের কাছে অর্থ ও বিভিন্ন সরবরাহ পৌঁছে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেন, হাসনা হামাসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে মানবিক সহায়তার আড়ালে সংগঠনটির কাছে খাদ্য, সরঞ্জাম ও অর্থ পৌঁছে দিয়েছেন।
যুক্তরাষ্ট্র হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। হাসনার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা, হামাসকে বস্তুগত সহায়তা দেওয়ার ষড়যন্ত্র এবং সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে।
মার্কিন সরকারের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সাল থেকে হাসনা হামাসের শীর্ষ নেতা ও সংগঠনটির শাসন কাঠামোর সদস্য গাজি হামাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন।
হাসনাকে যুক্তরাজ্যে আটকের পর যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে নেওয়ার পর তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হবে।
অভিযোগ প্রমাণিত হলে প্রতিটি ধারায় সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে হাসনার পক্ষে যুক্তরাষ্ট্রে কে আইনি প্রতিনিধিত্ব করবেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।