তিন বছর পর ইসরায়েলে যাচ্ছে মার্কিন তেল
আন্তর্জাতিক ডেস্ক:
প্রায় তিন বছর পর আবারও ইসরায়েলের উদ্দেশে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল। জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, টেক্সাস থেকে বোঝাই করা মার্কিন তেলের একটি চালান শুক্রবার ইসরায়েলের দিকে যাচ্ছিল।
মাল্টার পতাকাবাহী ‘ক্যাপ্টেন জন’ নামের আফ্রাম্যাক্স ট্যাংকারটি বৃহস্পতিবার টেক্সাসের করপাস ক্রিস্টির কাছে এনব্রিজের ইংলিসাইড স্থাপনা থেকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেল বোঝাই করে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (এলএসইজি)-এর তথ্য বলছে, জাহাজটির গন্তব্য হিসেবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন বন্দর দেখানো হয়েছে। এতে প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল রয়েছে। একটি আফ্রাম্যাক্স ট্যাংকারে সর্বোচ্চ ৭ লাখ ৫০ হাজার ব্যারেল পর্যন্ত তেল পরিবহন করা যায়।
এলএসইজি তথ্য অনুযায়ী, পণ্যবাহী জাহাজটির ভাড়া করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠান ভিটল। এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২৩ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে অপরিশোধিত তেল পাঠানো হয়েছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে নতুন এই চালান যাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমেছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ আগে এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।