খুলনায় বাল্যবিবাহ বন্ধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
খুলনা বিভাগের ১০ জেলায় গত তিন মাসে ১৭৪টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই সময়ে বাল্যবিবাহ প্রতিরোধে ৫৪৩টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর রবিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ রোধে সরকারি-বেসরকারি উভয় দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, কোনো জেলায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে স্কুল পর্যায়ে সভার আয়োজন করা প্রয়োজন। পাশাপাশি মসজিদের ইমামরাও এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সভায় জানানো হয়, বাল্যবিবাহ প্রতিরোধে টোল ফ্রি হটলাইন ১০৯, ৯৯৯ ও ১০৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।