সংবাদ শিরোনাম

খুবিতে সিরাত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন   |   খুলনা

খুবিতে সিরাত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আয়োজিত সিরাত অলিম্পিয়াড-২০২৬-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ব্যক্তিজীবনকে পরিশুদ্ধ করতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ অনুসরণ করতে হবে। তাঁর জীবনাদর্শে ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিকতা, ন্যায়, সততা, সহনশীলতা ও পরোপকারের শিক্ষা রয়েছে। মানুষের সঙ্গে উত্তম আচরণ, অন্যের অধিকার রক্ষা এবং সত্য ও ন্যায়ের পথে চলার ক্ষেত্রে মহানবী (সা.) সর্বোত্তম আদর্শ।

তিনি বলেন, সিরাতুন্নবী পাঠের মাধ্যমে মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানতে হবে এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্ম তাঁর আদর্শ ধারণ করলে তাদের নৈতিকতা ও মূল্যবোধ আরও দৃঢ় হবে। এর মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন। স্বাগত বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস।

সিরাত অলিম্পিয়াডে হামদ, নাত, গজল ও সিরাত কুইজের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সিরাত অলিম্পিয়াড উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন খুলনার খাদেমুল ইসলাম মাদ্রাসার শিক্ষক ও খতিব মুফতি সাঈদ হোসেন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আহমেদ রফিক।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।