সংবাদ শিরোনাম

ফুলতলায় পচা মাংস বিক্রির অভিযোগে কসাইকে ২১ দিনের কারাদণ্ড

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন   |   খুলনা

ফুলতলায় পচা মাংস বিক্রির অভিযোগে কসাইকে ২১ দিনের কারাদণ্ড

খুলনা ব্যুরো :

খুলনার ফুলতলা বাজারে পচা মাংস বিক্রি ও ফ্রিজে সংরক্ষণ করা মাংসের সঙ্গে তাজা গরুর রক্ত মিশিয়ে বিক্রির অভিযোগে আনিস মোল্লা নামের এক মাংস ব্যবসায়ীকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফুলতলা বাজারে অভিযান চালিয়ে তাঁকে এই দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাজারে মাংস বিক্রির একটি দোকানে পচা মাংস পাওয়ার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় ফ্রিজে সংরক্ষণ করা মাংসের সঙ্গে তাজা গরুর রক্ত মেশানোর অভিযোগও পাওয়া যায়। জব্দ করা মাংসের গুণগত মান পরীক্ষা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোল্লা পরাগ ইমাম। অভিযানে সহযোগিতা করে ফুলতলা থানার পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আনিস মোল্লাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযানের সময় বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের খাদ্য নিরাপত্তা, মাংস সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। এ সময় ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সেক্রেটারি এনামুল হোসেন পারভেজ ভূঁইয়াসহ সংগঠনের কর্মকর্তা, ব্যবসায়ী ও ক্রেতারা উপস্থিত ছিলেন।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, আনিস মোল্লার বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগে ব্যবস্থা নেওয়া ও জরিমানা করার তথ্য রয়েছে। এরপর আবারও একই ধরনের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা বলছেন, একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে বাজারে নিয়মিত তদারকি ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।