৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় এক পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সরকারি, আধা-সরকারি ও কর্পোরেশনভুক্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতির পাশাপাশি একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিদ্যমান বেতন কাঠামোতে বৈষম্য দূর করে ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। অবিলম্বে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।