শিবগঞ্জে মুক্তিযোদ্ধাদের বক্তব্য ঘিরে উত্তেজনা, অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন   |   রাজশাহী

শিবগঞ্জে মুক্তিযোদ্ধাদের বক্তব্য ঘিরে উত্তেজনা, অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত

আসিফ মোল্লা, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বক্তব্য দেওয়া কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পর্ব চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ বক্তব্য দিতে মঞ্চে উঠলে, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুসহ কয়েকজন তাকে বাধা দেন। এতে উপস্থিতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজ দ্রুত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

এ বিষয়ে জুবায়ের আহমেদের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে বজলার রশিদ সনু জানান, পূর্বনির্ধারিত তালিকার বাইরে গিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করায় তাকে বাধা দেওয়া হয়, যা থেকে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

ভারপ্রাপ্ত ইউএনও তৌফিক আজিজ বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ করা হয়।

Advertisement
Advertisement
Advertisement