চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠক ঘিরে উত্তেজনা, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে থমথমে কুথনিপাড়া
মোঃ আশরাফুল ইসলাম:
চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার কুথনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বেলা ১২ টার দিকে কুথনিপাড়া গ্রামের বিবাদমান দুটি পক্ষ সালিশী বৈঠকে বসে। ওই সালিশী বৈঠক রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও একই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) মো. চান্দুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষই এলোপাথারি ককটেল ফাটাতে থাকে। এতে এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের আঘাতে মোজাফ্ফর আলী নামে একজন আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণের পর কয়েকটি বাড়িতেও আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে পুলিশ বলেছে খুব বেশি ককটেল বিস্ফোরণ হয় নি সেখানে। কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
স্থানীয়দের দাবি, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হয়েছে। আধাঘণ্টার ব্যবধানে অর্ধশত ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক দশকের বেশি সময় ধরে ওই এলাকায় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
ককটেল বিস্ফোরণের পর সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তরা আত্মগোপনে চলে গেছেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।