আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে জেলা শহরের বড় ইন্দারা মোড়স্থ জেলা জামায়াত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থান এবং একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছে। আল্লাহর সাহায্য ও জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বক্তারা জানান, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জোট নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মো. মিজানুর রহমান।
এ সময় জনসভা সফল করতে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, গোয়েন্দা সংস্থা, আইনজীবী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।