সংবাদ শিরোনাম

মোংলায় কয়লা পাচারচক্রের ১২ সদস্য আটক

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন   |   জেলার খবর

মোংলায় কয়লা পাচারচক্রের ১২ সদস্য আটক

খুলনা ব্যুরো :

মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার করা বিপুল পরিমাণ কয়লাসহ একটি লাইটার ভেসেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় চোরাকারবারী চক্রের ১২ সদস্যকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ডের একটি অভিযানিক দল বরিশালের কোতোয়ালি থানার চরমোনাই আনন্দ ঘাট এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক একটি লাইটার ভেসেল থামিয়ে প্রায় ১ হাজার ১০০ মেট্রিক টন কয়লা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, হিরণ পয়েন্টের একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায়ে কয়লাগুলো নামিয়ে পাচার করা হচ্ছিল।

আটককৃত ১২ ব্যক্তির সঙ্গে উদ্ধারকৃত কয়লা ও লাইটার ভেসেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের তৎপরতা আরও জোরদার থাকবে বলেও জানান তিনি।