শ্রীপুরে ধান ও সবজিতে মৌসুমি প্রাণচাঞ্চল্য, উৎসবমুখর গ্রামাঞ্চল-

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন   |   জেলার খবর

শ্রীপুরে ধান ও সবজিতে মৌসুমি প্রাণচাঞ্চল্য, উৎসবমুখর গ্রামাঞ্চল-

রতন প্রধান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

অগ্রহায়ন মাসের আগমনে গাজীপুরের শ্রীপুরে এখন কৃষকের ঘরে-ঘরে ব্যস্ততার হাওয়া। সোনালি ধানে ভরপুর শস্যক্ষেতের পাশাপাশি নানারঙের সবজি খেতও হয়ে উঠেছে এক উৎসবমুখর কর্মযজ্ঞের কেন্দ্র। ধান কাটার মৌসুমের সঙ্গে তাল মিলিয়ে এবার সবজি উৎপাদনেও জোয়ার এসেছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

উপজেলার মাওনা, তেলিহাটি, বরমী, গাজীপুর, গোসিংগা, কাওরাইদ, রাজাবাড়ি ও প্রহ্লাদপুর  এলাকার মাঠ ঘুরে দেখা যায় ধান কাটার পাশাপাশি বিভিন্ন মৌসুমি সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, শসা, লাউ, মুলো, শাক-সবজি এবং কুমড়ার চাষে কৃষকেরা ব্যাপক মনোযোগ দিচ্ছেন। ক্ষেতজুড়ে সবজি গাছের সবুজ সতেজতা যেন অগ্রহায়নের আগমনী বার্তাকে আরও উজ্জ্বল করেছে।

স্থানীয় কৃষক ইকবাল হোসেন জানান, ধান ঘরে তোলা শুরু করেছি। একইসঙ্গে সবজি ক্ষেতের পরিচর্যা এখন সবচেয়ে বেশি দরকার। সবজি বিক্রি করে প্রতিদিন কিছু টাকা হাতেই পাওয়া যায়, তাই এই মৌসুমে ধানের পাশাপাশি সবজি আমাদের জন্য বড় ভরসা।

কৃষক পরিবারের নারী সদস্যরাও সবজি উৎপাদনে সক্রিয় ভূমিকা রেখেছেন। উঠানজুড়ে দেখা যায় লাউ, কুমড়া ও শসার মাচা, যেখানে প্রতিদিনই তারা যত্ন নিয়ে পরিচর্যা করছেন।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ বছর ধান উৎপাদন ভালো হওয়ার পাশাপাশি সবজি আবাদও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ধানের ফলন কৃষকের মুখে হাসি এনে দিলেও সবজি উৎপাদন তাদের দৈনিক আয়ের বড় উৎস। শীতকালীন সবজির বাজারদরও ভালো, ফলে কৃষকরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে,” বলেন তিনি।

সবজি তোলার উৎসবও শুরু হয়েছে অনেকখানি। ক্ষেত থেকে তাজা মুলা, বাঁধাকপি, শাক-পাতা আর লাউ সংগ্রহ করে কৃষকরা পাঠাচ্ছেন স্থানীয় বাজারে। বাজারগুলোতে এখন নতুন ধান ও শীতের সবজির সমাহার, যা গ্রামের ঋতু-পরিবর্তনের সৌন্দর্যকে আরও শোভিত করছে।

অগ্রহায়নকে কেন্দ্র করে ধান কাটার সোনালি দৃশ্য, সবজি খেতের সবুজ সতেজতা, আর কৃষকের পরিশ্রমের প্রাণচাঞ্চল্যে শ্রীপুরের গ্রামাঞ্চল এখন যেন এক উজ্জ্বল, রঙিন ও আনন্দময় কৃষি-উৎসবে রূপ নিয়েছে।

ধান শুকানোতে ব্যস্ত শিশুর আনন্দ পদধ্বনি-

Advertisement
Advertisement
Advertisement