সংবাদ শিরোনাম

খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কার্যক্রম শুরু

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কার্যক্রম শুরু

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে ২৬ নভেম্বর  বুধবার খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। এ বছরের প্রতিপাদ্য— ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি,  প্রাণিসম্পদে হবেউন্নতি’

খুলনা জোড়াগেট সিএন্ডবি কলোনীর মাঠে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধ, ডিম ও মাংস উৎপাদনে মান বজায় রাখা ও বিজ্ঞানভিত্তিক পশুপালন কৌশলে খামারিদের প্রশিক্ষণ জরুরি। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারলে জনগণের দোরগোড়ায় বিষমুক্ত খাবার পৌঁছে দেওয়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. এ বি এম জাকির হোসেন, খুলনা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ডা. মোঃ আব্দুর রহিম ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. এস এম ফেরদৌস। স্বাগত বক্তৃতা দেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ শরিফুল ইসলাম। খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পোল্ট্রি-ফিস-ফিড মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন ও মোঃ তোফাজ্জেল হোসেন তুষার। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে প্রধান অতিথি প্রদর্শনীর ৪০টি স্টল পরিদর্শন করেন। এসব স্টলে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, বিড়ালসহ বিভিন্ন প্রাণী, টিকা, ওষুধ, খাদ্য, উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি এবং প্রাণিজাত পণ্য প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শুরুতে জোড়াগেট সিএন্ডবি কলোনী মাঠ থেকে রঙিন শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জোড়াগেট পশুহাট মাঠে বিনামূল্যে হাঁস-মুরগির টিকাদান ও কৃমিনাশক কর্মসূচি অনুষ্ঠিত হবে।#