পাঁজিয়ায় প্রান্তিক সাত পরিবার পেল সেমিপাকা টয়লেটের উপকরণ
খুলনা ব্যুরো :
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের জলাবদ্ধ বেলকাটি গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দ্বিতীয় ধাপে সাত পরিবারের মাঝে সেমিপাকা টয়লেট নির্মাণের উপকরণ বিতরণ করেছে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ২০২৪–২৫ অর্থবছরের এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
১৭ নভেম্বর সোমবার দুপুরে সংস্থার কার্যালয়ে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি। পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন উন্নয়নকর্মী মানব মণ্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিক্ষাবিদ মকবুল হোসেন মুকুল, ইউপি সদস্য দিল হাসনা মুক্তা, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, সাহিত্য-সংস্কৃতি ব্যক্তিত্ব নজরুল ইসলাম খান ও সমীর দাসসহ স্থানীয় গণ্যমান্যরা।
স্বাগত বক্তব্যে সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার বলেন, “স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রথম ধাপে ২৫ আগস্ট ১০টি পরিবারকে টয়লেটের উপকরণ দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে আমরা আরও সাতটি পরিবারকে অন্তর্ভুক্ত করেছি।”
তিনি জানান, উদ্ভাবনী কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তাকে ২০১৬ সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের সম্মাননা দেয়। সাহিত্য অঙ্গনেও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছেন। তার পিতা প্রয়াত ইয়াকুব আলী গোলদারকেও সমাধান এনজিও সংস্থা ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ‘গর্বিত পিতা’ উপাধিতে সম্মানিত করেছে।
উপকারভোগীরা জানান, টয়লেট নির্মাণের উপকরণ পেয়ে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং স্বাস্থ্যঝুঁকিও হ্রাস পাবে। স্থানীয়রা মনে করছেন, প্রকল্পটি এলাকায় স্যানিটেশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।