ভোটাধিকার রক্ষার আন্দোলন ব্যর্থ করতে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো প্রধান :
ইসলামকে ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণা করছে এক শ্রেণির অসাধু ব্যক্তি ও গোষ্ঠী—এমন অভিযোগ করেছেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, “যারা ইসলামকে হাতিয়ার বানিয়ে জনগণকে বিভ্রান্ত করছে এবং নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
বৃহস্পতিবার ৩০ অক্টোবর দুপুরে নগর বিএনপি কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় বক্তারা বলেন, বর্তমানে একটি গোষ্ঠী সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে “জান্নাতের টিকিট” বিক্রি করছে। অথচ মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তারা জনগণকে এসব সত্য জানাতে আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ভোটাধিকার রক্ষার আন্দোলন ব্যর্থ করতে যে চক্র ষড়যন্ত্রে লিপ্ত, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের ঐক্যের বিকল্প নেই।
নগর বিএনপি নেতারা বলেন, বিএনপি প্রদত্ত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই পারে দেশের চলমান সংকট নিরসনের পথ দেখাতে। এই ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি নয়, বরং ন্যায়, সমতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ঘোষণাপত্র।
সভায় বক্তব্য দেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজসহ থানা সভাপতি কে এম হুমায়ুন কবির, মুর্শিদ কামাল সহ ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতারা।
সভায় আসন্ন ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।