খুলনায় এনসিএল ম্যাচ চলাকালীন ফিজিওর আকস্মিক মৃত্যু, বিসিবি'র শোক প্রকাশ
খুলনা প্রতিনিধি :
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২৫-এর খুলনা-বরিশাল ম্যাচের তৃতীয় দিনে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ (৪৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেছেন।
২৭ অক্টোবর সোমবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল টিম ম্যানেজমেন্ট মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
হাসান আহমেদ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস (বিআরসিটিভি)-এর প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিসিবি জানিয়েছে ২৭ অক্টোবর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। এছাড়াও চলমান এনসিএলের চতুর্থ দিনের খেলার আগে আবারও নীরবতা পালন করা হবে।