নাগরিক সেবায় ডিজিটাল রূপান্তর --খুলনায় কেসিসি ও গাজীপুর সিটি কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়
খুলনা প্রতিনিধি :
নাগরিক সেবা ডিজিটালাইজেশনে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তাদের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ অক্টোবর সোমবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান।
গাজীপুর সিটি করপোরেশন পৌরকর, পানির বিল, মার্কেট ভাড়া, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নসহ তিনটি অটোমেশন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল খুলনা সফর করছে।
সভায় জানানো হয়, খুলনা সিটি করপোরেশন ২০২৩–২৪ অর্থবছর থেকে আংশিকভাবে এবং ২০২৪–২৫ অর্থবছর থেকে পুরোপুরি অনলাইনে পৌরকর পরিশোধ ও ট্রেড লাইসেন্স ইস্যু–নবায়ন কার্যক্রম চালু করেছে। এছাড়া চলতি অর্থবছর থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি কার্ড চালু করা হয়েছে।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, “সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিক সেবা সহজ ও দ্রুততর করাই আমাদের লক্ষ্য। এখন নাগরিকরা বিশ্বের যেকোনো স্থান থেকে স্বল্প সময়ে পৌরকর ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত সেবা নিতে পারছেন।”
অভিজ্ঞতা বিনিময় সভায় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, এটুআই প্রতিনিধিসহ সফটওয়্যার উন্নয়ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা অংশ নেন।
অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন প্রক্রিয়া বিষয়ে উপস্থাপনা দেন সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম।