বাংলাদেশ-মিশরের শিল্প ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের আহ্বান শিল্পমন্ত্রীর

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশ-মিশরের শিল্প ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের আহ্বান শিল্পমন্ত্রীর

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট):

বাংলাদেশ ও মিশরের মধ্যকার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বকে অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিয়ে শিল্প ও বাণিজ্যের নতুন সম্ভাবনাময় ক্ষেত্র উন্মোচন করা সম্ভব।

আজ শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্পখাতে বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিশরের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা বাড়ানোর কোনো বিকল্প নেই। বাংলাদেশ দ্রুত শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন শিল্পখাতে বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। মিশরের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করলে উভয় দেশের অর্থনীতিই এর সুফল পাবে।

তিনি বলেন, চামড়া, হালকা প্রকৌশল, ওষুধ, পাট ও পাটজাত পণ্যসহ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন শিল্পখাতে দুই দেশের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। পারস্পরিক অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে এসব খাতের সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব।

মিশরের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে মিশরের উদ্যোক্তারা নতুন ও সম্ভাবনাময় বাজারে প্রবেশের সুযোগ পাবেন। একই সঙ্গে দেশে শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি বলেন, বাংলাদেশ ও মিশরের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করতে তাঁর দেশ আগ্রহী। শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানো গেলে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার বিদ্যমান সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement
Advertisement
Advertisement