আদ-দ্বীনের নবজাতক মৃত্যু: জনস্বার্থে কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

 প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন   |   মহানগর

আদ-দ্বীনের নবজাতক মৃত্যু: জনস্বার্থে কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার:

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকার জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী মঙ্গলবার জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার জন্য সরকার অতিরিক্ত দুই দিন সময় নিয়েছে। প্রতিবেদন বিশ্লেষণ শেষে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশ করা হবে।

তিনি বলেন, ঘটনার যথাযথ মূল্যায়ন ও পরবর্তী করণীয় নির্ধারণে সরকার আইনজীবী নিয়োগ করবে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিলে সেটি তাদের নিজস্ব বিষয়। তবে ক্ষতিপূরণ প্রদান করা হলেও সরকারের আইনি ও প্রশাসনিক পদক্ষেপে কোনো পরিবর্তন আসবে না।

আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে প্রস্তুতির বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম জোরদারে সরকার কাজ করছে এবং রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত স্যালাইন মজুত রয়েছে।

হাম প্রতিরোধ কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে যে তথ্য উঠে এসেছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে সরকার হাম নির্মূলে ব্যাপক টিকাদান কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে।

দেশের ওষুধ শিল্পের অগ্রগতির বিষয়ে তিনি জানান, বাংলাদেশের উৎপাদিত ওষুধ বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানি বাজার আরও সম্প্রসারণ এবং শিল্পের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে বেসরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement