৬ শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা, শোকজের জবাবে সময় চাইল আরও ৪৮ ঘণ্টা

 প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন   |   মহানগর

৬ শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা, শোকজের জবাবে সময় চাইল আরও ৪৮ ঘণ্টা


রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার (৭ জুন) সুপ্রিম কোর্টে নিজের চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান হাসপাতালটির আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে আলোচনা করেই এই ক্ষতিপূরণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও জানান, ঘোষিত ৮০ লাখ টাকার মধ্যে ইতোমধ্যে প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে পরিশোধ করা হয়েছে। বাকি অর্থ ধাপে ধাপে প্রদান করা হবে। পাশাপাশি আগে ঘোষণা করা অন্যান্য সুবিধাগুলোও বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নবজাতকদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতালটির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে এবং কেন লাইসেন্স বাতিল করা হবে না—সে বিষয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। এ প্রসঙ্গে আইনজীবী শিশির মনির বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ শোকজের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে। তাদের অনুরোধ অনুযায়ী নতুন সময়সীমা আগামী ৯ জুন পর্যন্ত নির্ধারণের আবেদন করা হয়েছে।

তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আইনজীবীসহ সরাসরি উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে চায়।

এদিকে, সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, নির্ধারিত সময় ছিল রবিবার বিকেল ৫টা পর্যন্ত। তবে সময় বাড়ানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ থেকে লিখিত আবেদন পাওয়া গেছে।

তিনি আরও জানান, সময়সীমা বাড়ানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

Advertisement
Advertisement
Advertisement