সায়েদাবাদে সিটি করপোরেশনের কর্মচারীকে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন
রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঢাকা সিটি করপোরেশনের এক কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ পানির পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. তানজিদ আলী (৩৫)। তিনি রাজধানীর ওয়ারী এলাকার বি. কে. দাশ লেনের বাসিন্দা এবং ঢাকা সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তানজিদ আলীর ওপর হামলা চালায়। এ সময় তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। ঘটনার পর হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
পরে সহকর্মী ও স্বজনদের সহায়তায় আহত তানজিদ আলীকে উদ্ধার করে রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে।