​স্মৃতিবিজড়িত সেনানিবাসে প্রধানমন্ত্রী: সেনাসদস্যদের সঙ্গে ভাগ করে নিলেন ঈদের আনন্দ

 প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন   |   মহানগর

​স্মৃতিবিজড়িত সেনানিবাসে প্রধানমন্ত্রী: সেনাসদস্যদের সঙ্গে ভাগ করে নিলেন ঈদের আনন্দ

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

বহু বছর পর নিজের পুরোনো ও স্মৃতিবিজড়িত ঢাকা সেনানিবাসে এসে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে শুভেচ্ছা ও ঈদের আনন্দ ভাগাভাগি করেন তিনি। সেখানে তিনি একটি প্রীতিভোজেও অংশ নেন।

​অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, "সেনানিবাসের শৃঙ্খলা, সহযোদ্ধা সুলভ বন্ধন এবং সেনাসদস্যদের আন্তরিকতা আমার কাছে বিশেষভাবে স্মরণীয়। বাংলাদেশ সেনাবাহিনীর উন্নত পেশাদার মান, দায়িত্ববোধ এবং দুর্যোগ মোকাবিলাসহ দেশের যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্য আমাকে গর্বিত করে।" দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের জন্য নির্ধারিত ইউনিট পরিদর্শন করেন, সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি অফিসার ও সৈনিকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং জোহরের নামাজ আদায় করেন।

​আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ঈদের দিনে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের এই সরাসরি উপস্থিতি সেনাসদস্যদের মনোবল ও দেশসেবার প্রেরণাকে আরও শক্তিশালী করবে।

Advertisement
Advertisement
Advertisement