মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন পরিষদের শপথ গ্রহণ
খুলনা ব্যুরো :
মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৯)-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খুলনার সোনাডাঙ্গায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
সকাল ১১টায় এম এ বারী সড়কের সিএন্ডএফ টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. মোশাররাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহামুদুন চৌধুরী জনি ও সিনিয়র সহসভাপতি মো. জাবেদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম (মনা)। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ (পিপিএম-সেবা), বেনাপোল কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান ও খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান।
নবনির্বাচিত পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও খুলনা শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান।
অনুষ্ঠানে চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল ও ভোমরা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা এবং ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস অ্যাসোসিয়েশনের (এফবিসিএ) নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, দেশের বিভিন্ন কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে কাস্টমস এজেন্টদের কার্যক্রম দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নবনির্বাচিত পরিষদ দায়িত্ব নেওয়ার পর সংগঠনের সদস্যদের কল্যাণ, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ এবং সেবার মান আরও বাড়াতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করেন।
তাঁরা আরও বলেন, পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি মো. মোশাররাফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথি, সরকারি কর্মকর্তা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, দেশের বিভিন্ন কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, এফবিসিএর নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।